ফেনীর সোনাগাজীতে আইএফআইসি ব্যাংকের উপশাখা থেকে আমির হোসেন জুয়েল নামে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (১ এপ্রিল) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন জুয়েল বাদী হয়ে মামলা দায়ের করলে, আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
ব্যাংক কর্মকর্তাদের দাবি এটিপি শেয়ারের কারণে প্রতারক চক্র অ্যাকাউন্ট হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সোনাগাজী বাজারের মাহবুব মার্কেটের নিয়াজ ফ্যাশনের মালিক আমির হোসেন জুয়েল আইএফআইসি ব্যাংক সোনাগাজী উপশাখার একজন গ্রাহক। তার ব্যাংক একাউন্ট থেকে গত ১৮ মার্চ রাত সাড়ে নয়টার দিকে তিন লাখ টাকা উদাও হয়ে যায। পরদিন ১৯ মার্চ তিনি সোনাগাজী মডেল থানায় একটি জিডি করেন। জিডি নম্বর-৮৬৯, তাং-১৯-০৩-২০২৬খ্রিস্টাব্দ। পরবর্তীতে তিনি জানতে পারেন নীলফামারী জেলার ডিমলা সোনালী ব্যাংক শাখার জনৈক বজলার রহমানের ৫৩০৪১০১০৩৮০৪৫ হিসাব নাম্বারে টাকাগুলো জমা হয়েছে। তিনি টাকাগুলো উদ্ধারে ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হন।
এ ব্যপারে আইএফআইসি ব্যাংক সোনাগাজী উপশাখার ইনচার্জ শারমিন আক্তার বলেন, ওটিপি শেয়ারের কারণে প্রতারক চক্র ব্যবসায়ীর টাকাগুলো হাতিয়ে নিয়েছে। আমরা টাকাগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধান কার্যালয়েও বিষয়টি জানিয়েছি।



