ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে, কঠোর ব্যবস্থা নিতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

‘এখানে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুরে উপজেলা প্রশাসনের সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
লালপুরে উপজেলা প্রশাসনের সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ওই গোপন বৈঠকের ছবি ও মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে এনে উপস্থিতি জানান দেয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে সোমবার স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেছেন, ‘এখানে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরো বলেছেন, ‘কোনোভাবেই লালপুরে আমরা ফ্যাসিবাদের পদচিহ্ন দেখতে চাই না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সামাজিক এবং প্রশাসনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ এরা আমাদের সন্তানদের ওপর গুলি চালিয়েছে। দীর্ঘ ১৭ বছর আমাদের ওপর জুলুম ও নির্যাতন চালিয়েছে।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরো বলেন, ‘কোনো দুর্নীতির অংশীদার আমরা হতে চাই না। গত ১৭ বছরে জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের বাজে ধারণা তৈরি হয়েছে। সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি। সমাজে জনগণের জন্য সরকার যেটা দিয়েছে, তার সুষম বণ্টন করতে হবে। এগুলো কোনো নেতার হাতে দেয়া যাবে না।’

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো: মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু প্রমুখ।