আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
‘আলোকচিত্র সংরক্ষণে বিশ্ব ইতিহাস রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬ উপলক্ষে চিত্রচিন্তার আয়োজনে চট্টগ্রামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নগরীর সিআরবি এলাকায় চিত্রচিন্তা সার্কেলের আয়োজনে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোকচিত্রের গুরুত্ব, ঐতিহাসিক মুহূর্ত সংরক্ষণে আলোকচিত্রের ভূমিকা এবং নতুন প্রজন্মের মধ্যে ফটোগ্রাফি চর্চা প্রসারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রচিন্তার প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী আহমেদ রাসেল, আলোকচিত্রী জয়নুল আবেদীন, মনসুরুল আলম, ফারুক বিন সাদেক, ডা: অনিক চন্দ, নাসরিন নীলা, বিধান চন্দ্র দাশ, মোহাম্মদ নুরুল কবিরসহ চিত্রচিন্তার সদস্য ও চট্টগ্রামের বিভিন্ন আলোকচিত্রী।
বক্তারা বলেন, আলোকচিত্র শুধু একটি মুহূর্তের ছবি নয়; এটি সময়, সমাজ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। তাই গুরুত্বপূর্ণ আলোকচিত্র সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসকে সুরক্ষিত রাখা সম্ভব।



