চুয়াডাঙ্গায় ঝড়ের তাণ্ডব : ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

সড়কে গাছ ভেঙে যান চলাচলে ব্যাঘাত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ০৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
সড়কে গাছ ভেঙে যান চলাচলে ব্যাঘাত হয়
সড়কে গাছ ভেঙে যান চলাচলে ব্যাঘাত হয় |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়োবৃষ্টিতে বিভিন্ন স্থানের গাছ ও ডালপালা ভেঙে পড়েছে। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। এদিকে, ঝড়-বৃষ্টির সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অপরদিকে, তার ছিড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছে জেলার অধিকাংশ এলাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মকলেছুর রহমান বাড়ির তিনতলার ছাদে টিন নামানোর সময় হঠাৎ প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঝড়ের তীব্রতায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নূরনগর মোড়, ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সড়কের পাশে থাকা বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে। চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়া, কোষাঘাটায় এলাকায় গাছ উপড়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণের কাজ শুরু করেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ০৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, তিনতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছ অপসারণ করা হয়েছে।