গাজীপুরে বন্ধ দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

ব্যবসায়ী আবুল কালাম আজাদ রাতে দোকানেই ঘুমাতেন। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
প্রতীকী ছবি

গাজীপুর দোকানের ভিতর থেকে এক জুয়েলারি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মহানগরের গাছা ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের শিকার স্থানীয় সাদিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী মো: আবুল কালাম আজাদের (৪০) বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, ব্যবসায়ী আবুল কালাম আজাদ রাতে দোকানেই ঘুমাতেন। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন। সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন আজাদ। তবে রোববার দুপুর পর্যন্ত দোকান বন্ধ থাকায় পার্শ্ববর্তী প্রতিবেশী ব্যবসায়ীদের সন্দেহ হয়। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

সংবাদ পেয়ে গাছা থানা পুলিশ দোকানের ভেতর থেকে আজাদের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।