ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় সবজি ব্যবসায়ী আল আমীনের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন উপজেলার নৈকাঠি এলাকার মরহুম আলতাফ সিকদারের ছেলে মো: মিলন সিকদার এবং মরহুম বেলায়েত হোসেন সিকদারের ছেলে মো: মামুন সিকদার। তারা উভয়েই নৈকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার বাদি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আল আমীন অভিযোগ করেন, প্রায় পাঁচ মাস আগে মাওদুদ সিকদার তাকে নৈকাঠি বাজারের হিন্দুপাড়া এলাকায় ডেকে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাজারে ব্যবসা করতে হলে তাকে টাকা দিতে হবে বলে চাপ প্রয়োগ করা হয়। পরে নিরুপায় হয়ে তিনি ১০ হাজার টাকা দেন।
তিনি আরো জানান, গত ৩ মার্চ সন্ধ্যায় আবারো ১০ হাজার টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মাওদুদ সিকদার তাকে বিভিন্নভাবে হুমকি দেন। পরদিন ৪ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বাজারে এসে তাকে মারধর করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ও তার ভাই শহিদুলের ওপর দলবল নিয়ে হামলা চালানো হয়। পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতেও গিয়ে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর আল আমীন রাজাপুর থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।



