মেহেরপুরের গাংনী উপজেলায় জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মিনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মিনাপাড়া গ্রামের ইকরামুল হক, তার ছেলে ইমরান আলী ও নাতি সাইফুল ইসলাম। আহতদের মধ্যে ইকরামুল ও ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ইকরামুলের সাথে তার চাচাতো ভাই ইউনুস আলীর দীর্ঘদিন জমি ও জমিতে চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে সাইফুলকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে ফের বিরোধ দেখা দেয়।
অভিযোগ রয়েছে, এ সময় ইউনুস, সুলতান হোসেন, মিঠুন হোসেন ও জুয়েল রড ও ধারালো অস্ত্র নিয়ে ইকরামুল ও ইমরানের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় বিচার ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে বিকেলে মিনাপাড়া গ্রামে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী সাইফুল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগের বিষয়ে ইউনুস ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
ভুক্তভোগী ইকরামুল জানান, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, ‘সন্ধ্যায় ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ করেছেন। আমরা উক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।’



