রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা। এতে তেলে সঙ্কট আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে, দিনাজপুর জেলার এক পাম্প মালিক বলেন, এ ধর্মঘটের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ডিপো থেকে তেল পেলেই আমাদের পাম্প চালু থাকবে।
জানা গেছে, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে ট্যাংকলরিতে তেল নিয়ে যাওয়ার সময় একটি লরি যান্ত্রিক সমস্যায় পড়ে। সমস্যা কাটানোর জন্য তারা গাড়ির কেবিন খুলে কাজ করছিল।
এ সময় ঘটনাটি নজরে এলে নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও চালকের সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। সেইসাথে তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে।



