লক্ষ্মীপুরের কমলনগরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দই বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার চরলরেন্স বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানা যায়, চরলরেন্স বাজার এলাকার ব্যবসায়ী নুরনবী ও নুরউদ্দীন দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দই বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনার সত্যতায় মেয়াদোত্তীর্ণ দইসহ হাতেনাতে আটক করার পর তাদের এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বাবুল দধি বিতানের মালিক নুর উদ্দিনকে ২০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী নুরনবীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একইসাথে জব্দ করা মেয়াদোত্তীর্ণ দই। পরে জনস্বার্থে ঘটনাস্থলেই ধ্বংস করা হয় সেগুলো।
অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চালানো হয়েছে। আগামীতেও সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান থাকবে।



