নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রা

গোপালগঞ্জের ঘটনার পর আ’লীগের তওবার সুযোগ শেষ : হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগকে ফিরে আসতে দেবো না : আখতার হোসেন

‘আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে নিয়ে আসবে। আপনারা আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাতে পারেন, আমি সুশীলতা দেখাতে পারবো না।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ |ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগের তওবার সুযোগ গোপালগঞ্জের ঘটনার পর শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ ফিরে এলে এর পরিণতি কী হবে তা গোপালগঞ্জে আপনারা দেখেছেন।’

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে দলের পদযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসা ছিল। আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের কারো মেয়ের জামাই, কারো শালা। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে নিয়ে আসবে। আপনারা আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাতে পারেন, আমি সুশীলতা দেখাতে পারবো না।’

তিনি আরো বলেন, ‘কোনো গণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগের পতন হয়নি যে আপনি তাকে পুনর্বাসন করবেন। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াইকে আমরা সাধুবাদ জানাই। যারা টকশোতে কথা বলেন তারা জ্ঞানপাপী। এই জ্ঞানপাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না।’

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমরা তারাই এসেছি যারা রাজপথে জীবন দেয়ার জন্য এসেছিলাম। দুয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। আমরা শপথ নিয়েছি বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আসতে দেবো না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় শক্তি একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদের হুমকি দিতে চায়। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা আওয়ামী লীগের ফাউল খেলার অংশ নিতে চায়নি। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে তা দেখিয়ে দিয়েছে।’

‘তারা বলে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। আমি বলতে চাই, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবাদাস হতে চায় তাদেরও জনগণ ছাড় দিবে না। কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হচ্ছে। সন্ত্রাসীদের দলের জায়গা দিয়ে জনগণের রাজনীতি করা সম্ভব নয়। জুলাই সনদের কথা বলা হয়েছে। মৌলিক সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ কার্যকর করতে অবিলম্বে নতুন সংবিধান কার্যকর করতে হবে।’

আখতার বলেন, ‘সারাদেশের আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে জায়গা করে নিয়েছে। আপনারা সকলে এখানে উপস্থিত আছেন। এখানে ফ্যাসীবাদবিরোধী আরো কয়েকটি দলের কর্মসূচি হচ্ছে। আপনারা এনসিপির ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।’

পদযাত্রায় আরো অংশ নেন এনসিপির আহ্বায়ক মো: নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।