নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেয় আবদুল্লাহ আল মাসুম। পথিমধ্যে মান্নাননগর কোম্পানিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Noakhali Sadar
সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থী নিহত
সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থী নিহত |প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মাসুম জেলার হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাওসারের ছেলে। সে সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেয় আবদুল্লাহ আল মাসুম। পথিমধ্যে মান্নাননগর কোম্পানিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুই শিশুসহ মোট ছয়জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাসস