নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে মাদকসন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান সাড়াশি পরিচালনা করেছে যৌথবাহিনী।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে যৌথবাহিনী র্যাব, পুলিশ ও ডিবি প্রথমে পাগলা জেলেপাড়া, পরে পাগলা ইসলামিয়া বাজার, বউবাজার, শাহীবাজার, আমতলা, নিশ্চিন্তপুর, শরীফবাগ, দৌলতপুর আদর্শ নগর এলাকায় অভিযান পরিচালনা করে।
কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা হবে, এ কথা অনেক দিন ধরেই বলছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ। কুতুবপুরের নিশ্চিন্তপুর এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন বলে গত চার দিন আগেও জানিয়েছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।
শুক্রবার (১২ জুন) মধ্য রসুলপুর বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এনসিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছিলেন, অচিরেই কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার কুতুবপুরে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
অভিযানে বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তবে প্রাথমিকভাবে জানা যায়নি কতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান মুন্সির নির্দেশে ওই অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমসহ র্যাব, পুলিশ, ডিবি।



