কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

রেজাউল করিম রেজা, কু‌ড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালি
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালি |নয়া দিগন্ত

কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদফতরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে ও জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: সাইফুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো: নাসির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফাহিদ হাসান, গ্রিন ভয়েসের চেয়ারম্যান রশিদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশ নেয়া প্রয়োজন।

তারা বৃক্ষরোপণ, নদী-খাল ও জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় কুড়িগ্রামে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।