মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকুহাটি গ্রামে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানের বিষয়ে পুলিশ সুপার মো: মেনহাজুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবির ও ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল ছোট মাকুহাটি গ্রামের শুভ গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় রাসেল শিকদার কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক শুভ গাজীর কাছ থেকে আরো ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে বাড়ির একটি কক্ষে অবস্থানরত আল আমিন মাঝি নামে একজনকে আটক করে তার শরীর তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে পুলিশ। এ ছাড়া তল্লাশিকালে ছুরি, দা, হাতুড়ি ও লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটকরা হলেন— ছোট মাকুহাটি গ্রামের শুভ গাজী (৩৭) ও রাসেল শিকদার (৪৩) এবং মধ্য মাকুহাটি গ্রামের আল আমিন মাঝি (৩২)।
পুলিশ আরো জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। আল আমিন মাঝি একটি হত্যা মামলার পলাতক আসামি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সঙ্ঘটিত বিভিন্ন সহিংসতায় অস্ত্রসহ অংশ নিতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



