মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মুরাদনগর থানা ভবনের সামনে এ অভিযোগ বক্সটি স্থাপন করা হয়।
সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা পরিচয় গোপন রেখে নিরাপদে মাদকের তথ্য পুলিশকে জানাতে পারেন, সে উদ্দেশে অভিযোগ বক্স স্থাপনের উদ্যোগ নেয়া হয়। যে কোনো ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে মাদককারবারি, মাদক সেবন বা পাচারের সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে লিখিত তথ্য এই বক্সে জমা দিতে পারবেন।
প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ১৬ আগস্ট থেকে কুমিল্লা জেলার সকল থানার মতো মুরাদনগর থানায়ও শুরু হচ্ছে মাদকবিরোধী জনসচেতনতামূলক র্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান। এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘মাদককারবারি, মাদক সেবন বা পাচারের সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য এ ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হয়েছে। সকল তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।’
তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। তবে মাদকমুক্ত মুরাদনগর গড়ে তুলতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।
মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মুরাদনগর থানার এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে, সাধারণ মানুষ নির্ভয়ে তথ্য দিতে পারলে মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো বেগবান হবে ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



