পবিত্র মাহে রামাদান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টায় নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আমির মাওলানা মো: রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক এম এ সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা: এ কে এম আব্দুল হামিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রামাদানের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’
তারা আরো বলেন, ‘সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
রামাদানের তাৎপর্য ধারণ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



