হযরত শাহজালাল রহ:-এর মাজারের আয়ের সঠিক হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সিলেটের সাবেক সফল জেলা প্রশাসক (ডিসি) পদে সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৮ জুন) ঐক্যবদ্ধ সিলেটবাসীর ব্যানারে নগরীর কালেক্টর জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ঐক্যবদ্ধ সিলেটবাসী কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফেনুর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় মানববন্ধনে ঐক্যবদ্ধ সিলেটবাসী কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এহসানুল হক তাহের, ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব হোসেন মুমিন, সাধারণ সম্পাদক শহিদুল হক তাজিম, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদ, ঐক্যবদ্ধ সিলেটবাসীর কেন্দ্রীয় অর্থ সচিব মাওলানা রইস উদ্দিন, আবুল হোসেন সুফী, কবি কামাল আহমদ, ডা: মুস্তফা আহমেদ মুসতাক, মখলিছ মিয়া, মাসুক মিয়া, রুবেল মিয়া, জুলাই যোদ্ধা আব্দুস শহিদ খান, ফয়সাল আহমদ, ইবরাহিম আলী, জুলাই মঞ্চের সিলেট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ তোফায়েল, ঐক্যবদ্ধ সিলেটবাসীর প্রচার সম্পাদক মাওলানা শিববির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হযরত শাহজালাল রহ:-এর মাজারের আয়ের সুনির্দিষ্ট হিসাব ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি পবিত্র স্থানের আর্থিক বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা কাম্য নয়।
সদ্য বিদায়ী জেলা প্রশাসকের বিষয়ে তারা বলেন, ডিসি সারওয়ার আলম সিলেটে কর্মরত থাকাকালীন অত্যন্ত সততা ও সাহসিকতার সাথে কাজ করেছেন। সিলেটের উন্নয়ন ও মাজারের শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা অনন্য ছিল। জনস্বার্থে আমরা তাকে সিলেটে ডিসি হিসেবে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।



