সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।
বুধবার (২৬ আগস্ট) এই সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪ ডেঙ্গুরোগীর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৭৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ৭৮ জন, মৌলভীবাজারে ২০ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ছয়জন রয়েছেন।
চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



