বরগুনার পাথরঘাটায় দু’টি জবাইকৃত হরিণ ও শিকারের ফাঁদসহ মো: হানিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আটক ব্যক্তিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো: পনির শেখ সংক্ষিপ্ত বিচারে এ দণ্ডাদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালের মোহনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করেন। এ সময় জবাইকৃত দু’টি পুরুষ হরিণ ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। উদ্ধারকৃত হরিণ দু’টির মোট ওজন প্রায় ১৬০ কেজি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আটক হানিফ মিয়া পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবুল বাসারের ছেলে।
বন বিভাগের বিট কর্মকর্তা মো: আব্দুল হাই কোস্টগার্ডের বরাত দিয়ে জানান, কিছু অসাধু ব্যক্তি হরিণ শিকার করে পাচারের উদ্দেশে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
আদালতের নির্দেশে জবাইকৃত হরিণ দু’টিকে কেরোসিন ঢেলে মাটিচাপা দেয়া হয়েছে।



