আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
অ্যাডভোকেট সাইফুর রহমান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে এবং তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আইনগতভাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে থেকে নির্বাচনে অংশ নেয়ায় বাধা না থাকলেও, নির্বাচনকে আরো গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে আমি এই পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে পত্র পাঠানো হয়েছে।
পদত্যাগের বিষয়ে সাইফুর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন আমাকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে আজীবন সততা ও নিষ্ঠার সাথে কাজ করার তাওফিক দান করেন।



