নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টহল নৌযানের সাথে বাল্কহেডের সংঘর্ষে মো: মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
নিহত মহসিন খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের মরহুম আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বাগেরহাট জেলা থেকে নৌ-পুলিশে সংযুক্ত ছিলেন।
জানা গেছে, নৌ-পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপপরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চারজন সদস্যসহ একটি ডাকাতি দল প্রতিরোধে রাত্রিকালীন টহলে বের হয়। এসময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সাথে সংঘর্ষে উল্টে যায়। এতে টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠতে পারলেও পুলিশ সদস্য মহসিন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সহকর্মীরা সবাই শোকাহত। তার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা আছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



