সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের তালিকায় ছাত্রলীগ নেতা, চাইলেন অব্যাহতি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন বলেন, যার বিষয় ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, তিনি অব্যাহতি চেয়ে স্বেচ্ছায় আবেদন করেছেন। এক্ষেত্রে তার অব্যাহতি পত্র গ্রহণ করে পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ নিশ্চিত করা হবে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল জাবের
ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল জাবের |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিতদের তালিকায় ছাত্রলীগ নেতার নাম আসায় বিতর্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল জাবের।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ফ্যামিলি কার্ড শুমারির নির্বাচিতদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন তিনি।

জাবের উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

আবেদনপত্রে জাবের উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর চরমজলিশপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত প্রকাশিত তালিকায় ৮ নম্বর ক্রমিকে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে হঠাৎ অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত পারিবারিক সমস্যার কারণে তার পক্ষে ওই পদে যোগদান করা সম্ভব হচ্ছে না।

এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় আব্দুল্লাহ আল জাবেরের নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেয়ার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কিভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন বলেন, যার বিষয় ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, তিনি অব্যাহতি চেয়ে স্বেচ্ছায় আবেদন করেছেন। এক্ষেত্রে তার অব্যাহতি পত্র গ্রহণ করে পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুইটি পদে ৬ শতাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে।