সাটুরিয়ায় হামলার শিকার নয়া দিগন্ত প্রতিনিধি হুমায়ূন কবীর

মানিকগঞ্জের সাটুরিয়ায় পৈত্রিক জমিতে কাজ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো: হুমায়ূন কবীর।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
সাটুরিয়ায় হামলার শিকার নয়া দিগন্ত প্রতিনিধি হুমায়ূন কবীর
সাটুরিয়ায় হামলার শিকার নয়া দিগন্ত প্রতিনিধি হুমায়ূন কবীর |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় পৈত্রিক জমিতে কাজ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো: হুমায়ূন কবীর।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার মৌজায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আগ সাভার মৌজার আর এস ৯৪ নম্বর খতিয়ানের ৮ দাগের ৪৭ শতাংশ জমি হুমায়ূন কবীরের দাদার ক্রয়কৃত সম্পত্তি, যা দীর্ঘ ৬০ বছর ধরে তার বাবা দানপত্র দলিল মূলে ভোগদখল করে আসছেন। ওই জমিসহ অন্যান্য জমি নিয়ে আদালতে দীর্ঘমেয়াদী মামলা (দেওয়ানি নম্বর- ১৫৭/২০০৭) চললে আদালত হুমায়ূন কবীরের বাবার পক্ষেই রায় ও ডিক্রি প্রদান করেন।

গত ১৩ মে (বুধবার) সকালে ওই জমিতে ফসল রোপণের প্রস্তুতি নিতে গেলে স্থানীয় আরান (৫৫), ছামাদ (৬০), ও সালমা ওরফে ছলেনা (৪৫) সহ অজ্ঞাত ৪/৫ জন অতর্কিতভাবে জমিতে প্রবেশ করে কাজে বাধা প্রদান করে।

এ ঘটনায় সাটুরিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আদালতের রায় ও দখল অনুযায়ী ভুক্তভোগীকে জমিতে অবস্থান করার পরামর্শ দেয়। একইসাথে পুলিশ উভয় পক্ষকে থানায় বসার আহ্বান জানায়।

থানা পুলিশের পরামর্শ ও আদালতের ডিক্রি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ভাই ও বাবাকে সাথে নিয়ে জমিতে পাট রোপণ শেষ করেন হুমায়ূন কবীর। কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে।

প্রকাশ্য দিবালোকে একজন সংবাদকর্মীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হুমায়ূন কবীর জানান, ‘বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তারা আইন-আদালত বা পুলিশের তোয়াক্কা করছে না। বর্তমানে আমি এবং আমার পরিবার জানমালের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত। সুস্থ হয়ে এ বিষয়ে দ্রুত থানায় অভিযোগ দায়ের করব।’

প্রতিবেদক এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।