শরীয়তপুরের নড়িয়ায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৭০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে হালিমা-খালেক ফাউন্ডেশন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার নশাসন মাঝিরহাট মাঠে হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে কিরন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করাই জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব। আমরা যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি, তবেই জনগণের দেয়া ভোটাধিকার সার্থক হবে। অন্যথায় একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সফল হতে পারব না। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। তাই আমার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় তালিকা প্রণয়নের মাধ্যমে প্রতিবছর গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পর্যায়ক্রমে দারিদ্র্যের হার কমিয়ে আনতে হবে এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত সময়ের মধ্যেই আমাদের সমাজে যারা গৃহহারা, অসহায়সহ যাদের পাশে দাঁডানোর মত কেউ নেই তাদের পাশে দাঁড়াতে চাই। নড়িয়া-সখিপুর এলাকার কোনো অসহায় মানুষ যেন কখনো না খেয়ে ঘুমাতে যেতে না হয়। এটাই আমার অঙ্গীকার। একই সাথে যারা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক হাবিবুর রহমান পলাশ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, সহ সভাপতি কারুল আহসান মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিএম আজিজুল হাকিম, নশাসন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক মাহবুব আলম ফকির, ফাউন্ডেশনের পরিচালক মোসাম্মৎ সাধনা মাঝিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।



