জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মাসুদ রানা (৩০) নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে মেলান্দহ উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত বড় ভাই মাসুদ রানা ওই এলাকার মরহুম আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাই হাসিব ঘটনার পরে থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই সৎ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাত সাড়ে ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ঘিরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় ও একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। এ সময় ছোট ভাই হাসিব বড় ভাই মাসুদ রানাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে গুরুতর আহত মাসুদ রানাকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন।’


