বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এ লক্ষে দেশের বন্যাকবলিত এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।
শনিবার (১১ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আমিনুর রশিদ ইয়াসিন বলেন, ‘দেশের যেসব এলাকায় বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনো রয়ে গেছে। তবে সবাইকে বুঝতে হবে প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।’
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো: আনিসুজ্জামানসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



