মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকরণ বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার মো: মোকসেদ হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসীরা। পরে থানা পুলিশ ও রেল পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ট্রেনের ধাক্কায় মৃত্যুর পর তার লাশ রেললাইনের পাশে পড়েছিল বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন নয়া দিগন্তকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে। নিহত শুকরণ বেগম শুক্রবার (১৯ জুন) দুপুরের পর থেকেই নিখোঁজ ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও পরিবার সূত্রে জানা গেছে।



