ময়মনসিংহে নিজ এলাকায় সংবর্ধিত প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন

প্রতিমন্ত্রী বলেন, ‘সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। দেশ ও গৌরীপুরের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার।’

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
নিজ নির্বাচনী এলাকা সফরকালে ইকবাল হোসাইন
নিজ নির্বাচনী এলাকা সফরকালে ইকবাল হোসাইন |নয়া দিগন্ত

শপথ গ্রহণের ছয়দিনের মাথায় নিজ নির্বাচনী এলাকায় সফর করে সংবর্ধনায় সিক্ত হলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় ছিল উৎসবমুখর পরিবেশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পৌঁছালে নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। এ সময় স্লোগান, ব্যানার-ফেস্টুন ও ফুলের তোড়ায় মুখর হয়ে ওঠে বাজার এলাকা।

এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। দেশ ও গৌরীপুরের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার।’

কলতাপাড়া বাজারস্থ রউজ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানায়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম আব্দুল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থীরা তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেন। শিক্ষার্থীদের এমন আয়োজনে আবেগাপ্লুত হন প্রতিমন্ত্রী।

সফরকালে তার সাথে ছিলেন-নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য মাইনুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাদির, ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ দলীয় নেতারা।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হাবিবুল ইসলাম খান শহীদ জানান, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এলাকায় এলেন। মূলত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কৃতজ্ঞতা প্রকাশই ছিল এ সফরের উদ্দেশ্য।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিনভর কলতাপাড়া, রামগোপালপুর, বালুয়ামোড়, পাছার, ভুটিয়ারকোনা ও শাহগঞ্জ বাজারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। বিকেল ৪টায় প্রশাসনের গার্ড অব অনার গ্রহণ শেষে উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করবেন তিনি। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে উপজেলার তাতরাকান্দাস্থ নিজ বাড়িতে যাবেন প্রতিমন্ত্রী।