মাদারীপুরের রাজৈরে ট্রাক উল্টে রানা আহমেদ (২৭) ও মো: লিখন (১৮) নামে দুই মৌচাষী নিহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে এবং লিখন একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, জামালপুর থেকে ট্রাকে করে মাদারীপুরের কালকিনিতে যাচ্ছিলেন কয়েকজন মৌচাষী। ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লিখন ও রানার মৃত্যু হয়। এ সময় আরো একজন আহত হন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।



