মিঠামইন উপজেলা বিএনপি'র সভাপতি জাহেদুল আলমকে কুপিয়ে হত্যা

রাতে হাদিস মিয়াকে সাথে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

কিশোরগঞ্জ প্রতিনিধি
জাহেদুল আলম জাহাঙ্গীর
জাহেদুল আলম জাহাঙ্গীর |ইন্টারনেট

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি'র সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা বিএনপিকর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেরিবাঁধ এলাকার বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল বলেন, রাতে হাদিস মিয়াকে সাথে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন আহত দু'জনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তঁদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া সেখানে চিকিৎসাধীন।

হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় মিঠামইন থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।