লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে এবং ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ নাগরিকরা।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে বিদ্যুৎ অফিসের সামনের সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকসহ বিভিন্ন পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনার সাধারণ মানুষের জনজীবন এখন অতিষ্ঠ। আমরা প্রযুক্তি বা পাওয়ার গ্রিডের অজুহাত শুনতে চাই না। কোত্থেকে বিদ্যুৎ আসবে তাও আমাদের জানার বিষয় নয়। আমাদের একটাই দাবি ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, বিদ্যুতের এই সঙ্কটের প্রভাব পড়েছে জেলার অর্থনীতিতেও। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে হাজার হাজার জেলে ও মৎস্য ব্যবসায়ী আর্থিক লোকসানের মুখে পড়েছেন।
সমাবেশ থেকে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। আগামী সাত দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ওজোপাডিকো কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।



