আমির খসরু মাহমুদ চৌধুরী

ভোটে কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল হাতে নিয়েই বাড়ি ফিরবেন

‘গত ১৭-১৮ বছরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি- গুম খুন হয়েছে, মৃত্যু বরণ করেছে, বারবার কারাগারে গিয়েছি- ১২ তারিখ সেই ত্যাগের পূর্ণ জবাব দিতে হবে। সুতরাং সেদিন ভোটে কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল হাতে নিয়েই বাড়ি ফিরবেন।’

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন- ফজরের নামাজ নয় তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে যেতে হবে। গত ১৭-১৮ বছরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি- গুম খুন হয়েছে, মৃত্যু বরণ করেছে, বারবার কারাগারে গিয়েছি- ১২ তারিখ সেই ত্যাগের পূর্ণ জবাব দিতে হবে। সুতরাং সেদিন ভোটে কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল হাতে নিয়েই বাড়ি ফিরবেন।’

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে পথসভায় অংশ নিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো শেষ হয়নি। বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপস না করা একমাত্র দল হলো বিএনপি। ১২ তারিখ ভোটের মাধ্যমেই শেষ হবে আমাদের চুড়ান্ত আন্দোলন।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, তবে সেই জয় হতে হবে বিশাল ভোটে। বিশ্বের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে—বাংলাদেশের জনগণ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের রায়েই সত্য প্রতিষ্ঠিত হবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান ও সালাউদ্দিন চৌধুরী সোহেল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য ফৌজুল কবির ফজলু।