মানিকগঞ্জের সিংগাইরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) বিকেলে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: কাউসার আহম্মেদ (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মো: শহিদুল ইসলাম মোমেনের ছেলে।
আহত মো: আরাফাত (১৮) একই এলাকার মো: কোহিনুর বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি নম্বরবিহীন কাটা সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।
মোটরসাইকেল চালক কাউসার আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী আরাফাত গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



