দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে জেলার শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আতিকুর রহমান।
দিনাজপুর জেলা সভাপতি মো: জাকিরুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. জিয়াউল হক, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাসেম বাদল ও দিনাজপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা শাখার সাধারণ উপদেষ্টা সাইদুর ইসলাম সৈকত, শিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, জেলা শাখার সাবেক সভাপতি তৈয়ব আলী, শহর শাখার উপদেষ্টা সিরাজুস সালেহীন, সদর শাখার উপদেষ্টা মেহরাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে রাজপথের প্রতিটি আন্দোলনে, দেশের অর্থনীতি সচল রাখতে এবং যেকোনো সঙ্কটে শ্রমিক শ্রেণি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। অথচ দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার মূল চেতনা সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা শ্রমিকদের জীবনে আজও পুরোপুরি প্রতিফলিত হয়নি।’
তিনি বলেন, ‘একটি আদর্শ শ্রমিক ট্রেড ইউনিয়ন সংগ্রামকে বেগবান করতে এবং এ দীর্ঘস্থায়ী বৈষম্য ভাঙতে কিছু মৌলিক জায়গায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে।’
তিনি আরো বলেন, ‘কাগজে-কলমে বাংলাদেশে শ্রম আইন থাকলেও এর প্রয়োগ অত্যন্ত দুর্বল। কর্মক্ষেত্রে নিরাপত্তা, ইলিশন (শ্রমিক ছাঁটাই) বন্ধ করা এবং মাতৃত্বকালীন ছুটির মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে আইনি লড়াই ও মাঠপর্যায়ের আন্দোলনকে এক সুতোয় গাঁথতে হবে।’



