বৃহত্তর কুষ্টিয়ায় বিএনপির একমাত্র বিজয়ী বাচ্চু মোল্লা

বৃহত্তর কুষ্টিয়া জেলার আটটি আসনের মধ্যে একমাত্র বিএনপি প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
কুষ্টিয়া-১ আসনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা
কুষ্টিয়া-১ আসনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা |নয়া দিগন্ত

কুষ্টিয়া প্রতিনিধি

বৃহত্তর কুষ্টিয়া জেলার আটটি আসনের মধ্যে একমাত্র বিএনপি প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

জেলায় জামায়াত প্রার্থীদের জয়ের মধ্যে একমাত্র বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি এখন কার্যত বৃহত্তর কুষ্টিয়ায় বিএনপির একমাত্র সংসদ সদস্য। দলীয় সমর্থকদের কাছে তিনি জেলার একক কণ্ঠস্বর ও নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।

প্রতিক্রিয়ায় নয়া দিগন্তকে বাচ্চু মোল্লা বলেন, কুষ্টিয়া থেকে বিএনপির আর কেউ নির্বাচিত না হওয়ায় পুরো জেলার দায়িত্ব এখন তার ওপর বর্তেছে। তিনি জানান, কুষ্টিয়ার যেকোনো উপজেলা বা এলাকা থেকে স্থানীয় প্রতিনিধিরা লিখিত বা মৌখিকভাবে সমস্যা জানালে তিনি তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করবেন এবং বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে তদবির চালিয়ে যাবেন। তার ভাষায়, তিনি শুধু বিএনপির নয়, কুষ্টিয়ার “সব জনগণের এমপি” হিসেবে কাজ করতে চান।

সাক্ষাৎকারে তিনি তার নিজ আসন দৌলতপুর ও চরাঞ্চলের ঘনীভূত সঙ্কটকে অগ্রাধিকার দেন। তিনি উল্লেখ করেন, মরিচা ইউনিয়নসহ পদ্মা তীরবর্তী এলাকায় ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হচ্ছে। সেখানে দ্রুত স্থায়ী বাঁধ ও নদীশাসন প্রকল্প নেওয়া জরুরি। একই সঙ্গে চরাঞ্চলের দুটি ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় রামকৃষ্ণপুরসহ গুরুত্বপূর্ণ ঘাটে অন্তত দুটি স্থায়ী সেতু নির্মাণকে তিনি প্রাথমিক কাজের তালিকায় রেখেছেন।

বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘদিনের অবহেলায় উপজেলার বহু সড়কে রড-উন্মুক্ত, ভাঙাচোরা অবকাঠামো ও সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতপুরের নদীভাঙন রোধ, ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ এবং গুরুত্বপূর্ণ জনপথ সংস্কারের কাজ দ্রুত শুরু করতে চান। পর্যায়ক্রমে এগুলো জাতীয় বাজেট ও উন্নয়ন প্রকল্পের আওতায় আনতে তিনি কাজ করবেন বলেও জানান।

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়ায় এবারের নির্বাচনে তিনটি আসনে জামায়াত প্রার্থীদের জয় এবং একমাত্র বিএনপি আসন ধরে রাখায় বাচ্চু মোল্লা দলীয়ভাবে যেমন চাপের মুখে, তেমনি আশা জাগানিয়াও। তিনি বলেন, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় নেতৃত্ব কারণগুলো শক্তভাবে পর্যালোচনা করলে কুষ্টিয়ায় বিএনপি আবারও আগের শক্ত অবস্থানে ফিরতে পারবে। মাঠের রাজনীতিতে উন্নয়ন ও জনগণের দাবি-দাওয়াকে সামনে রেখে জেলার সার্বিক উন্নয়নের বিষয়গুলো সংসদে এবং সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরার অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বিএনপি কোনো আসনে জয়ী হতে পারেনি। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ৫৭ হাজার ৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী বেলাল হোসেন পেয়েছেন ৮২ হাজার ১৫৩ ভোট।