সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনক বাতির মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযোগের তীর উঠেছে তার স্ত্রী রুবিনা আক্তারের (২৮) বিরুদ্ধে।
রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য রুবিনা আক্তারকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
মৃত বাতির মিয়া (৪০) ওই গ্রামের হুরমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনায় দিন সকালে মৃত বাতির মিয়া ও তার স্ত্রী রুবেনা আক্তারের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে প্রতিবেশীরা দেখতে পায় যে রুবিনা বেগম দৌড়ে গিয়ে তার মাকে সাথে নিয়ে আসছে। এসময় বাতির মিয়ার বসতঘর তালাবদ্ধ ছিলো। তাৎক্ষণিক প্রতিবেশীরা দেখতে পায় যে বাতির মিয়াকে অর্ধমৃত অবস্থায় স্ত্রী রুবিনা ও শাশুড়ি ধরে হাসপাতালে নিয়ে যায়।
দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে বাতির মিয়াকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ঘটনার খবর শুনে মৃতের বাড়িতে যায় দোয়ারাবাজার থানা পুলিশ।
মৃত বাতির মিয়ার বাড়ি পরিদর্শন শেষে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, পারিবারিক কলহের জেরে বাতির মিয়ার মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



