মুন্সীগঞ্জ বারে ১১ প্রার্থীর প্রার্থিতা বাতিল, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গেজেট ও জাতীয় সংসদে পাস হওয়া আইনের আলোকে নির্বাচন কমিশন বিষয়টি পর্যালোচনা করে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জের ম্যাপ
মুন্সীগঞ্জের ম্যাপ |ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৭) ঘিরে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একযোগে ১১ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জারি করা এক জরুরি নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাতিল প্রার্থীরা হলেন সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো: ফিরোজ খান ও অ্যাডভোকেট লাভলু মোল্লা, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান সবুজ ও অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা, দফতর সম্পাদক পদে অ্যাডভোকেট প্রিন্স ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মৌসুমী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আবু হানিফ হিরু মোল্লা এবং কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মো: শাহ আলী দেওয়ান নিশান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের পর ১৩ ও ১৬ এপ্রিল পৃথকভাবে প্রায় ৭৫ জন আইনজীবী ও জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীদের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরা হয়।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গেজেট ও জাতীয় সংসদে পাস হওয়া আইনের আলোকে নির্বাচন কমিশন বিষয়টি পর্যালোচনা করে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় উল্লিখিত প্রার্থীদের অযোগ্য ঘোষণা করে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

নির্বাচন কমিশন জানায়, বাতিল হওয়া প্রার্থীদের বাদ দিয়ে অবশিষ্ট প্রার্থীদের মধ্যে আগামী ২৩ এপ্রিল নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, ‘আইন ও বিধিমালা অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’