সৈয়দপুরে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Saidpur

নীলফামারীর সৈয়দপুরে পুকুরে ডুবে রাফিদ রহমান কাব্য (১৮) নামে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, মারা যাওয়া কাব্য এইচএসসি পরীক্ষার্থী ছিলো। তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি এলাকার সেনাসদস্য হাবিবুল্লাহর ছেলে। সে কলেজ সংলগ্ন মাস্টার পাড়াতে একটি মেসে থেকে লেখাপড়া করতো।

ঘটনার দিন তারা সাত সহপাঠী কলেজ মাঠে ফুটবল খেলে। পরে তারা ওই পুকুরে গোসল করতে যায়। এ সময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি চলে যায়। কিন্তু ফেরার সময় সে পানিতে ডুবে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সহপাঠীরা পাশের একটি ভবনের নির্মাণ শ্রমিকদের ডেকে আনে। তারা এসে তাকে অজ্ঞান ও নিথর অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত স্থানীয় সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেল সাড়ে ৫টায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, একমাত্র সন্তানকে হারিয়ে কাব্যের বাবা-মা নির্বাক হয়ে পড়েছেন। মাগরিবের নামাজের পর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।