চট্টগ্রামে ৫ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ২১ থেকে ২৫ ডিসেম্বর

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক মুফাচ্ছিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ.।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ২০২৬ আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে।

এবারের মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।

মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত এন্তেজামিয়া কমিটির প্রথম সভা ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে দোয়া মাহফিল নগরীর একটি কমিউনিটি সেন্টারে শনিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অথিতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক মুফাচ্ছিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ.। তিনি বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সারাজীবন পবিত্র কোরআনের তাফসির মাহফিলের মাধ্যমে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনতাকে ইসলাম তথা আল্লাহ ও রাসূল সা:-এর পথে আহ্বান করে গেছেন। কোরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। ১৪ আগস্ট ছিল তার শাহাদৎবার্ষিকী। শাহাদৎবার্ষিকীর এদিনে আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি।’

তিনি বলেন, ‘ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতার প্রাণপ্রিয় বৃহৎ ইসলামী জলসা যেখানে লাখ লাখ মানুষের সমাগম হয়। তাফসির মাহফিলের ঘোষণা করলেই এদেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতার মধ্যে একটি উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং পবিত্র কোরআনের সুমহান বাণী ও তাফসির শোনার জন্য দেশবাসী উদগ্রীব ও দিনক্ষণ গণনা করতে থাকে।’ এবারের মাহফিল আরো বেশি উৎসাহব্যঞ্জক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিষদ চট্টগ্রামের সহ-সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক ড. আবু বকর রফিক, দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দীন চৌধুরী, পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্র নেতা ফয়সাল মোহাম্মদ ইউনুস, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা: সিদ্দিকুর রহমান, মাহফিল স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সলীমুজ্জামান প্রমুখ।

সভা শেষে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান।