নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই মাস বয়সী ইজাদ ও ইহান (৪) নামে দুই শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় ওই দুই শিশুর বাবা প্রকৌশলী আকিব হোসেন (৩৫), তার স্ত্রী এমি খাতন (৩২) ও মা কণা বেগমকে (৬০) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বড়াইগ্রামের চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ভুক্তভোগী পরিবারের বাড়ি রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায়। তারা নিজেদের বাড়িতে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছিলেন।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, রাজশাহীতে ঈদ শেষে ওই প্রকৌশলী পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছিলেন। মাইক্রোবাসে তিনি চালকের পাশের আসনে এক শিশুসন্তান তার কোলে ও অপর সন্তান পাশে বসা ছিল। পথে বড়াইগ্রামের চকপাড়া এলাকায় একটি আমবোঝাই ট্রাকের সাথে ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মাস বয়সী শিশু ইজাদ নিহত হয়। এ সময় পরিবারের বাকি চার সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশু ইহান মারা যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



