বেলকুচিতে যমজ ২ শিশু নিখোঁজের ঘটনায় থানায় জিডি

সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে যমজ দুই শিশু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Chauhali
নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১)
নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে যমজ দুই শিশু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় জিডি করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, রোববার বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, রোববার সকালে ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। তিনদিন পার হলেও তারা মাদরাসা বা বাড়িতে ফিরেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ দু্ই শিশুর সন্ধান পান তাহলে +৮৮০১৮২৭৪৭০৬৪৮ বা ০১৭৬২৬৬২৫৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিখোঁজের বিষয়ে পৃথক জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি বেলকুচি থানা এলাকায় ঘটে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।