ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আসামি নুরুল ইসলাম (৫২) ও সজিবের (৩২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: শাখাওয়াত ইমতিয়াজ বলেন, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার রাত ২টার সময় সাভারের আনন্দপুর এলাকা থেকে নুরুল ইসলাম ও সজিবকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নুরুল ইসলাম মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে, সজিব সাভার পৌর যুবলীগ নেতা এবং সাভারের আনন্দপুরের বাসিন্দা।
উল্লেখ্য, সোমবার রাত পৌনে ১০টা দিকে সাভার পৌর এলাকার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন থানা রোডের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। বিস্ফোরণে শাহীন খন্দকার (৩০), মো: জসিম (২৬), শাহাদাত হোসেন (৪০), ডিবিসি নিউজের ক্যামেরাম্যান মো: মজনু (৪৫), এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মো: সাইফুল ইসলামসহ (২৫) পাঁচজন আহত হয়।
এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদম্য সচিব সালামত উল্লাহ রনি সাভার মডেল থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



