নবনিযুক্ত প্রশাসক ডন

শ্যামাসুন্দরী খালকে রংপুরবাসীর জন্য আশীর্বাদে পরিণত করা হবে

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় রংপুর সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করে তিনি এই ঘোষণা দেন।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সাথে কথা বলছেন রংপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সাথে কথা বলছেন রংপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন |নয়া দিগন্ত

হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে রংপুর সিটি করপোরেশনে নাগরিক সেবা নিশ্চিত এবং দুর্ভোগের কারণ শ্যামাসুন্দরী খালকে রংপুরবাসীর জন্য আশীর্বাদে পরিণত করতে উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় রংপুর সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করে তিনি এই ঘোষণা দেন। এর আগে তিনি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠক করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। আগেই ঘোষণা দেন শুভেচ্ছা হিসেবে তিনি ফুল গ্রহণ করবেন না।

দায়িত্ব গ্রহণ শেষে ডন বলেন, ‘আমার প্রথম কাজ নাগরিক সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেয়া। বিশেষ করে কাউন্সিলর অফিসগুলোতে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে, সেগুলোকে কার্যকর করা। জন্মনিবন্ধনসহ প্রাত্যহিক যে কাজগুলো নগরবাসীর জন্য প্রয়োজন সেগুলো সবার আগে হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা।’

ডন আরো বলেন, ‘আমিসহ সিটি করপোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী থাকবে জবাবদিহিতার আওতায়। কোনো ধরনের অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি হয়রানির সাথে কেউ জড়িত থাকলে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কাউকেই কোনো অন্যায় করতে বা বাড়তি অ্যাডভান্টেজ দেয়া হবে না।’

শ্যামাসুন্দরী খাল নিয়ে কথা বলেন নবনিযুক্ত প্রশাসক ডন। বলেন, ‘শ্যামাসুন্দরী খালটি এখন যেমন আমাদের জন্য দুর্ভোগের কারণ হয়েছে, এই দুর্ভোগের কারণ থেকে এই শ্যামাসুন্দরী খালকে আমাদের রংপুরের জন্য আশীর্বাদরূপে সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করা হবে, যাতে খালটিকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি। প্রকৃত অর্থেই যেন শ্যামাসুন্দরী খাল থেকে আমাদের নগরবাসী যেন উপকৃত হন। সেই লক্ষ্যে আমরা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা করবো।’

ডন আরো বলেন, ‘শ্যামা সুন্দরী খালকে বলা হয় রংপুরের ফুসফুস। এটাকে আমরা স্বল্প মেয়াদে একটি পরিচ্ছন্ন একটি কার্যক্রম পরিচালনা করব যেন সেখানে যে বর্জ্যগুলো বা আবর্জনাগুলো আছে সেগুলো না থাকে। সেগুলো থেকে যেন কোনো অসুখ-বিসুখ বা মশাবাহিত রোগগুলো যেন ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থা করা হবে। এছাড়াও বর্ষাকালে যেন পানি ঠিকভাবে যেতে পারে। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এর পাশাপাশি শ্যামাসুন্দরী খালকে নিয়ে দীর্ঘমেয়াদে একটি টেকসই পরিকল্পনা করা হবে।’

শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর সিটি করপোরেনশনের প্রশাসক হিসেবে মাহফুজ উন নবী চৌধুরী ডনকে নিযুক্ত করে সরকার। ডন বর্তমানে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কারমাইকেল কলেজ ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু তার। পরে ছাত্রদলের রংপুর শহর হয়ে জেলা সভাপতি, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। এছাড়াও রংপুর মহানগর যুবদলের সভাপতি ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী এবং ২৪-এর জুলাই আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জুলাই আন্দোলনসহ বিগত সময়ে ৩৪টিরও বেশি মামলা হয়েছে তার নামে। ১০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন তিনি। সাত দফায় কারাভোগ করেছেন। তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক।