সরিষাবাড়ীতে বিয়ে বাড়িতে সংঘর্ষ, নিহত ২

ঘটনার দিন রাতে স্ত্রীকে নিতে রনি মিয়া শ্বশুরবাড়িতে গেলে তাকে মেয়ে দিতে অস্বীকৃতি জানান শ্বশুর লিটন মিয়া। এ ঘটনায় দু’ পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
বিয়ে বাড়িতে সংঘর্ষে দু’জন নিহত
বিয়ে বাড়িতে সংঘর্ষে দু’জন নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের একজন সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন। অন্যজন ঘটনাটি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সোহেল রানা (৩৫) ও মঞ্জু মিয়া (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সাথে প্রায় এক মাস আগে চাপারকোনা গ্রামের রনি মিয়ার বিয়ের রেজিস্ট্রি হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে স্ত্রীকে নিতে রনি মিয়া শ্বশুরবাড়িতে গেলে তাকে মেয়ে দিতে অস্বীকৃতি জানান শ্বশুর লিটন মিয়া। এ ঘটনায় দু’ পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন প্রতিবেশী সোহেল রানা। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে সোহেল রানার লাশ দেখে মঞ্জু মিয়া নামে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয়রা। ঘটনার পর অভিযুক্ত লিটন মিয়া ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিয়েতে কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে সালিস বৈঠকের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে, অন্যজন হৃদরোগে মারা গেছেন।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে জানান পুলিশের ওই কর্মকর্তা।