নওগাঁয় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

এ সময় বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন করার মধ্য দিয়ে আধুনিক ও বৈষম্যহীন একটি স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নওগাঁয় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
নওগাঁয় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত |ছবি : নয়া দিগন্ত

দিনব্যাপী নানা আয়োজন, শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে নওগাঁয় উদযাপিত হয়েছে দ্বিতীয়তম জুলাই গণঅভ্যুত্থান দিবস।

বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। এদিন কর্মসূচির প্রথমেই সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।

এ সময় জুলাই শহীদদের স্মরণে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যসহ জেলার সকল সরকারি-বেসরকারি দফতর, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইভাবে জেলার ১১টি উপজেলাতেও প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

পরে দুপুরে ডিসি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জুলাই শহীদদের পরিবার ও যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ফজলে রাব্বী, জুলাইযোদ্ধা, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ, জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন করার মধ্য দিয়ে আধুনিক ও বৈষম্যহীন একটি স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার মিথ্যে স্বপ্ন দেখেন তাহলে নওগাঁবাসী একত্রিত হয়ে সেই সকল কুচক্রী মহলের সদস্যদের কঠোর হাতে দমন করা হবে। তাই যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে বাঁধা দেবে এবং ষড়যন্ত্র করবে তাদের সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এ সময় প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে গেলে কখনো বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না। তাই একে অপরকে দোষাদোষী না করে নিজেদের ভুলভ্রান্তি সংশোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করার কোনো বিকল্প নেই। এ ছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের ভুলে গেলেও চলবে না। দেশ আমার আপনার আমাদের সকলের, তাই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পজেটিভ ভাবনাকে ভাবতে হবে এবং গঠনমূলক আলোচনা ও সমালোচনা করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের পর নওগাঁর জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরে এবং নওগাঁ শহরে কী কী পরিবর্তন হয়েছে তা তুলে ধরেন। তিনি সবাইকে ধৈর্য ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরোধ ও আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।