ময়মনসিংহের শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে তাদের পাঠানো হয়।
এদের মধ্যে দু’জন পুরুষ, চারজন নারী, চারজন শিশু। তারা সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ‘গত দু’বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। ভারতীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ও ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় আটক করে। এরপর গত দু’থেকে তিন দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটিতে নিয়ে আসে। পরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠায়।’
তিনি আরো বলেন, ‘১০ জনকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’



