ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম নারায়ণ চন্দ্র পাল। তিনি তন্তর বাজারের নয়ন ফার্মেসির মালিক।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, নারায়ণ পাল দীর্ঘদিন ধরে তন্তর বাজারে নয়ন ফার্মেসিতে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে নয়ন ফার্মেসিতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তিনি নিজে সিরিয়াল সহকারে রোগী দেখছিলেন। তিনি এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখছিলেন।
তিনি জানান, তার পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোনো সনদপত্রই ছিল না। এ সময় নারায়ণ পাল স্বীকার করেন যে তার কোনো সনদ নেই। পরে মিথ্যা টাইটেল ব্যাবহার করে রোগী ও জনসাধারণের সাথে প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নারায়ন চন্দ্র পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



