পাবনার সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার লেখনি পাবনার মানুষের কল্যাণে দিক-নির্দেশনা দিয়েছে। তথ্য উপাত্ত ও সততা ছিল তার সংবাদের মূল ভিত্তি। তার ব্যক্তিগত চিন্তা চেতনা কখনোও তার সংবাদে প্রতিফলন ঘটাননি।
শনিবার (৪ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, নয়া দিগন্তের পাবনার সাবেক প্রতিনিধি প্রতিথযশা সাংবাদিক আব্দুল মজিদ দুদুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এছাড়া আরো বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি নরেশ মধু, একুশে টেলিভিশন ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দ্য ডেইলি নিউএজ’র প্রতিনিধি মাহফুজ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহীন রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক মাজহার ইসলাম, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত আব্দুল মজিদ দুদুর রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে আব্দুল মজিদ দুদূর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এস এম আলাউদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।



