পটুয়াখালীর দুই উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলায় ওই চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিন (২৮) নামে একজনের মৃত্যু হয়। একইদিন দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সেতারা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় খালেক হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধের।
এদিকে সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয়দের মতে, বৃষ্টি ও বজ্রপাতের সময় অসচেতনভাবে খোলা মাঠে অবস্থান করায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এছাড়া গত দুই দিনে কলাপাড়া, রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে অন্তত ৫০টি গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রামপুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।



