নীলফামারীর ডিমলায় মাদক সেবনের অভিযোগে একযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন ডিমলা থানার কনস্টেবল মো: রমজান আলী, মো: তালাত মাহমুদ, মো: শামীম ইসলাম ও মো: মশিউল হক।
স্থানীয় সূত্র জানায়, ডিমলা সদর ইউনিয়নের ইসলামিয়া ডিগ্রি কলেজ মোড় এলাকার বাসিন্দা মোতাহার হোসেন সোহেল নিজ বাড়িতে দীর্ঘদিন মাদকের কারবার ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় ওই আস্তানায় সন্দেহভাজন লোকজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করেন। পরিস্থিতি টের পেয়ে ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে কনস্টেবল রমজানকে চিনে ফেলেন এলাকাবাসী। পরে অনুসন্ধানে অন্য তিন কনস্টেবলেরও ওই আস্তানায় নিয়মিত যাতায়াত ও মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলে তা নীলফামারী জেলা পুলিশ প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি মো: আশরাফুল ইসলাম জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চার কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।’



